সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ও বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে আবদুল হান্নান (২৪) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ীতে চলন্ত গাড়ি থেকে পড়ে লিটন শেখ (২৬) নামের দুই তরুণ নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে বাসচাপায় মারা গেছেন সখিনা বেওয়া (৬৫)। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহমদ জানান, গতকাল শনিবার সকালে চলনবিল এলাকা থেকে একটি মাছবোঝাই ছোট ট্রাক সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের দিকে আসছিল। ট্রাকটি নাইমুড়ী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রাক থেকে ছিটকে পড়ে লিটন শেখ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি সলঙ্গা থানার চড়িয়াশিকার গ্রামের আবদুস সালামের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
আদমদীঘি (বগুড়া): গত শুক্রবার রাত আটটার দিকে নওগাঁর আত্রাই উপজেলার মস্কিপুর গ্রামের আবদুল হান্নান, জাহাঙ্গীর আলম ও আবদুল মজিদ ভটভটিতে করে নওগাঁর মান্দা উপজেলার চৌড়বাড়ী হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে আত্রাইয়ের বান্দাইখাড়া মোড়ে পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আবদুল হান্নান ভটভটির নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর (বগুড়া): শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সখিনা বেওয়া নিহত হন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না গ্রামের মৃত মুখের আলীর স্ত্রী। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, নওগাঁগামী এস আর পরিবহনের ওই বাসটিকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।