সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার এসআই মজিবুর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর পরনে গোলাপি সালোয়ার-কামিজ ছিল।
এদিকে, বিকেলে ক্যান্টনমেন্ট থানা এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত আরেক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মিরপুর-বিমানবন্দর উড়াল সড়কে ওই নারী গাড়ির চাপায় নিহত হন। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পরিচ্ছন্নতাকর্মীর বেলচার আঘাতে পুলিশ সদস্য আহত: এদিকে যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর বেলচার আঘাতে পুলিশ কনস্টেবল শহীদুল ইসলাম (৩৮) আহত হয়েছেন। শহীদুল যাত্রাবাড়ী থানায় কর্মরত।