সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া সড়কের মোল্লাপরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পুলিশ সদস্য হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিসন (৪০) ও কনস্টেবল মো. কামরুল (৩০)। মহসিনের বাড়ি শরীয়তপুরে এবং কামরুলের বাড়ি টাঙ্গাইলে বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দুর্ঘটনাকবলিত একটি ব্যক্তিগত গাড়ি দেখে এএসআই মহসিন এবং কনস্টেবল কামরুল ও আ. মজিদ তাদের বহনকারী অটোরিকশা থেকে নেমে সড়কের পাশে গিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস এই তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎ​সাধীন অবস্থায় মহসিন ও কামরুল মারা যান। আর আ. মজিদ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।