সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ নিহত ১৩
দেশের বিভিন্ন স্থানে ১০টি সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও আছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলায় নিহত আলেক খান (৩৮) ফরিদপুরের বোয়ালমারী থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে আলেক একটি মামলার তদন্তকাজ শেষে নড়াইল-নওয়াপাড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে করে বোয়ালমারী থানায় যাচ্ছিলেন। পথে বর্ণি সরদারবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আলেক খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানী গ্রামের আ. ছাত্তার খানের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে পুলিশের গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে গতকাল এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। তাঁরা হলেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য রোকন উদ্দিন (২৭) ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী অজ্ঞাত (৪০)। ভোর সাড়ে চারটার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির টহলরত গাড়িটি ইলিয়টগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের সদর উপজেলায় গতকাল বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার জুজখোলা গ্রামের সালমান কাজী (২২), মো. রুবেল (২০) ও মো. মান্না (২০)। এ ঘটনায় মো. সোহাগ নামের (২১) আরও এক যুবক আহত হন। বেলা ১০টার দিকে পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের ভৈরমপুর সেতুর ওপর পিরোজপুরগামী ওই বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি পৃথক দুর্ঘটনায় দিনাজপুরের মো. রাজীব হাসান (৪০) ও ফুলবাড়ী পৌর শহরের গোলাম মোস্তাফিজার রহমান (২৫) নামের দুজন মারা গেছেন।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে বিরামপুরে যাওয়ার সময় গতকাল ফুলবাড়ীর রাঙামাটি এলাকায় রাজীবের মোটরসাইকেলের চাকা ফেটে যায়। তখন অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহত অবস্থায় রাজীবকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
মোস্তাফিজারের চাচা রেজাউল মণ্ডল বলেন, গত রোববার রাতে মোস্তাফিজার ও তাঁর বাবা উপজেলার বারাইবাজার থেকে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন। শহরের ঘাটপাড় মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি খাদে পড়ে যায়। এতে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে মোস্তাফিজারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
হবিগঞ্জ: পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেটের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চালকের সহকারী আবু খন্দকার (২০) মারা যান।
একই দিন দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বাসের চাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুর্শেদা (১০) প্রাণ হারায়।
ফরিদপুর: ফরিদপুরে ট্রাকচাপায় নিহত হয়েছে অটোরিকশাচালক ইব্রাহিম হোসেন (১৪)। সে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার জেলেপাড়া এলাকার রুস্তম শেখের ছেলে। ঢাকা-বরিশাল মহাসড়কে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বেলা ১১টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়।
বগুড়া: ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলা রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নূর আলম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বেতগাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় গতকাল নিহত সুলতান উদ্দিন মোল্লা (৫৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখামের এলাকার বাসিন্দা ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে সুলতান সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়।