সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ ও এক শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ৭০ বছরের এক বৃদ্ধ ও মান্দায় সাত বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। বৃদ্ধের নাম বশির মোল্লা (৭০) ও শিশুটির নাম সেঁজুতি রানী (৭)। এদিকে বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন আরেক বৃদ্ধ। তাঁর নাম আবদুল করিম সরকার (৭৫)। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
পত্নীতলায় নিহত বশির মোল্লা সাপাহার উপজেলার দোয়াস গ্রামের বাসিন্দা। গতকাল সকাল ১০টায় পত্নীতলায় শিশা-শিবপুর সড়কের মাটিনন্দর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় তাঁর পুত্রবধূ ও দুই নাতিও আহত হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, বশির মোল্লা ও তাঁর পরিবারের লোকজন মহাদেবপুর উপজেলার শিশাহাট থেকে চার্জার ভ্যানে করে একই উপজেলার শিবপুরে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় ভ্যানটির যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুরুতর আহত বশির মোল্লাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন বলেন, ট্রাকটি শনাক্ত করা যায়নি।
এদিকে নওগাঁ-রাজশাহী মহাড়কের মান্দা উপজেলার ভরভইল পেট্রলপাম্পের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এটির যাত্রী সেঁজুতি মারা গেছে। শিশুটি রাজশাহীর মোহনপুর উপজেলার ভরভরাইল গ্রামের নিরঞ্জন চন্দ্রের মেয়ে। ঘটনায় ইজিবাইকের চালক আজম সোনারকে (৩৪) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
বগুড়ার শেরপুরে মহাসড়কে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন পথচারী আবদুল করিম সরকার (৭৫)। তাঁর বাড়ি উপজেলার গাড়িদহ গ্রামে। গতকাল বেলা সোয়া একটায় উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন বলেন, ওই বৃদ্ধ মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি তাঁকে চাপা দেয়।