সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন নাসির শেখ (৬৫) এবং গুঁড়া হলুদ–মরিচ ব্যবসায়ী লুৎফর রহমান (৫৫)।
পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে পল্লবীর কালশী সড়কে রাস্তা পার হওয়ার সময় মাটিভর্তি একটি ট্রাক নাসির শেখকে ধাক্কা দিলে তিনি আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে থাকতেন।
ঘটনাস্থলে যাওয়া পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছে।
এদিকে গতকাল বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের কাছে বাসের ধাক্কায় লুৎফর রহমান আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি গেন্ডারিয়ায় দীননাথ সেন রোডে থাকতেন। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার মাউনতলায়।
লুৎফর রহমানের জামাতা ইয়ামিন হোসেন বলেন, ব্যবসার কাজে তাঁর শ্বশুর ফুলবাড়িয়ায় এসেছিলেন।
পুলিশ জানায়, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।