সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার কলারোয়ায় এক সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ছয়জন আহত হন। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার ইলিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের দেবু বিশ্বাস (২৭) ও একই গ্রামের সদানন্দ সনাতন বিশ্বাস (২২)। আহত ব্যক্তিরা হলেন: মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের শুভ্র বিশ্বাস (২৫), হরিচাঁদ বিশ্বাস (২৮), কৃষ্ণপদ বিশ্বাস (২৫), সুজিত বিশ্বাস (২২) ও তাঁর ভাই দুলাল বিশ্বাস (২৫)। আহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে একটি পিকআপ সাতক্ষীরায় মাছ নিতে আসছিল। পথে সাতক্ষীরা-যশোর সড়কের ইলিশপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত দেবু বিশ্বাসের মামা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছেন।