সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে গতকাল শনিবার ট্রাক ও ভটভটির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন।
কালীগঞ্জে নিহত দুজন হলেন কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকার আমজাদ আলী বিশ্বাস (৬০) ও কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের আমির আলী খাঁ (৫০)। তাঁরা বাঁশ ব্যবসায়ী ছিলেন। মাগুরায় প্রাণহানির শিকার তরুণের নাম ওয়ালিয়ার রহমান (২৬)। তিনি শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবদুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে কালীগঞ্জ শহর থেকে একটি ট্রাক কোটচাঁদপুর অভিমুখে যাচ্ছিল। পাতিবিলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ভটভটির যাত্রী আমজাদ আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে ভটভটির অপর যাত্রী আমির আলী মারা যান। দুর্ঘটনায় আরও চারজন আহত হন। তাঁরা হলেন ভটভটির চালক লিটন হোসেন (২৮), যাত্রী জাহাঙ্গীর হোসেন (২৯), বশির উদ্দিন (৪৫) ও আবুল কালাম (৩৫)। তাঁদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আবুল কালাম ছাড়া বাকি তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাগুরা সদর থানা-পুলিশ সূত্র জানায়, ওয়ালিয়ার রহমান শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পারনান্দুয়ালী ব্র্যাক কার্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ওয়ালিয়ার রহমান আইসক্রিম তৈরির কারখানার কর্মচারী ছিলেন।