সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি দোতলা বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই বাসে অগ্নিসংযোগ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পলাশহাটি গ্রামের ইকবাল হোসেন (২৫) ও তাঁর ছোট ভাই এশফাক হোসেন (১১)। ইকবাল ঢাকার উত্তরখান এলাকায় যানবাহন মেরামতের কাজ করতেন। এশফাক স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলে দুই ভাই ঢাকার উত্তরখান থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছালে বিআরটিসির একটি দোতলা বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এশফাক মারা যায়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে এ দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় একদল লোক দোতলা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।