সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বিকেলে বাসের চাপায় ইজিবাইকের চালক নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আদনা গ্রামের আয়নাল মিয়া (২৩), তাঁর ছোট ভাই মনসুর মিয়া (১৮), মৌলভীবাজারের সদর উপজেলার লামিয়া গ্রামের সুমন দাস (৩২), নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে ইকবাল হোসেন (১৪) ও চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার ধাতমারা গ্রামের আবু তাহেরের ছেলে মো. আজগর (১৮) এবং ময়মনসিংহের ভালুকার গাদুমিয়া গ্রামের বাসিন্দা ইজিবাইকের চালক আবদুস সোহবান (৩৫)।
ময়নামতি হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ফেনী থেকে হবিগঞ্জগামী একটি পিকআপ ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পোলট্রি ব্যবসায়ী আয়নাল মিয়া, মনসুর মিয়া, পিকআপ ভ্যানের চালক সুমন দাস ও তাঁর সহকারী ইকবাল হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নামতি থানায় নিয়ে আসে। সেখানে লাশ শনাক্ত করেন ইকবালের চাচা কাপ্তান মিয়া। বেলা তিনটায় বিনা ময়নাতদন্তে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে নয়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি কাঁচাবাজার এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাথরবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে একটি মোটরসাইকেল উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী মো. আজগর (১৮) নিহত হন। তিনি ময়নামতি রাজমণি হোটেলের কর্মচারী ছিলেন।
ভালুকা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে ইজিবাইকের চালক আবদুস সোহবান ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর এলাকাবাসী বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় আবদুস সোহবানের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।