সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসচাপায় রুবেল হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজিব মোল্যা (১৫) নামের আরেক শিশু ও মেহেরপুরে বারাদীবাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল জলিল মণ্ডলের (৮২) মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম মমতাজ পারভীনকে বহনকারী মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে হায়দারপুর তালতলা এলাকায় মাইক্রোবাসটি স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রুবেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার স্বপন সরদারের ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হায়দারপুর মোড়ে সড়কে গাছ ফেলে অবরোধ করেন।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুনসী বলেন, বিচারক মমতাজ পারভীন সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী গাড়ির গতিও কম ছিল। শিশুটি হঠাৎ রাস্তা পার হতে গেলে দুর্ঘটনার শিকার হয়।
মেহেরপুর: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল সদর উপজেলার বারাদী বাজার সড়কে আবদুল জলিল মণ্ডলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আবদুল জলিল সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী চাঁদপুর গ্রামের বাসিন্দা। নিহতের জামাতা প্রকৌশলী শহীদ উল্লাহ বলেন, জেলায় রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেলের চলাচল বেড়েছে। এ কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
মাগুরা: মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের নৈশপ্রহরী আমির মিয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজিব মোল্যা ও নিশান নামে দুই কিশোর মোটরসাইকেলে করে ঝামা বাজার থেকে রামপুর যাচ্ছিল। বাজার একটু সামনে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাজিব মারা যায়। নিশানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজিব উপজেলার রামপুর গ্রামের হারুন মোল্লা ছেলে।