সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত বুধবার রাতে ট্রাকের ধাক্কায় মিঠুন মণ্ডল (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাস উল্টে মো. রাব্বী (১৩) নামের এক শিশু নিহত এবং দুই পরিবারের ছয়জনসহ ১০ জন বাসযাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্যামনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামনগর সদরের বেতাঙ্গি গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে মিঠুন বন্ধুদের সঙ্গে গত বুধবার বিকেলে একটি পিকআপে করে দুর্গাপূজা দেখতে বের হয়। পথে শ্যামনগর-কালীগঞ্জ সড়কের শ্যামনগরের খানপুর এলাকায় রাত ১০টার দিকে পিকআপ থেকে মাথা বের করে মিঠুন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মিঠুনের মাথায় ধাক্কা লাগে। এতে তার মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত উদ্ধার করে মিঠুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল-ভান্ডারদহ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় সাইকেল আরোহী শিশু রাব্বী নিহত হয়। রাব্বী সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ছাড়া ওই দুর্ঘটনায় আলমডাঙ্গার শেখপাড়ার একরামুল হক (৫৫), তাঁর স্ত্রী শানু বেগম (৫০) ও ছেলে আল আমিন (১২), মেহেরপুরের গাংনীর সানোয়ার হোসেন (৩৭), তাঁর স্ত্রী হিরা খাতুন (৩০) ও ছেলে রওশন আলী (১০), যশোরের বাঘারপাড়ার হাদিউজ্জামান (৩০) ও খামারপাড়ার আসাদুজ্জামান (৪৫), মাগুরার রথতলা এলাকার কৃষ্ণপদ ও খুলনার বয়রা এলাকার করিম উদ্দিন (৪৫) আহত হন।
ওই দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি ইউনিট, সদর থানা ও সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়।