সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

রাজধানীর চকবাজার ও ডেমরায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুরা হচ্ছে চকবাজারে মোসাম্মত রুপা (৮) ও ডেমরায় ইব্রাহিম (৪)।
নিহত রুপার মামা মো. হান্নান বলেন, রুপাদের বাড়ি চকবাজার থানার ছোট কাটরা এলাকায়। সোমবার দুপুরে বাসার সামনে রাস্তায় খেলাধুলার সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রুপার বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় দিনমজুর। এক ভাই এক বোনের মধ্যে রুপা ছিল বড়।
অপর দিকে নিহত ইব্রাহিমের বাবা ওমর ফারুক বলেন, তাঁদের বাসা ডেমরার ডগাইর আবাসিক এলাকায়। দুপুরে বাসার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইব্রাহিম গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে তিনটায় সে মারা যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।