সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার জলঢাকা-ডালিয়া সড়কের চৌরঙ্গী বাজার মোড়ে গতকাল সোমবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মফিজার রহমান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় আইরিন আকতার (৬) নামের অপর এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকার চৌরঙ্গী বাজারে একটি দ্রুতগামী ট্রাক মফিজারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মফিজার চৌরঙ্গী বাজারসংলগ্ন পশ্চিম বালাগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

এদিকে বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দিতে বাবা আবদুর রাজ্জাকের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কাহারোল উপজেলা সদর মাঠে যাচ্ছিল আইরিন। সকাল সাড়ে সাতটার দিকে কাহারোল থেকে ঢাকাগামী পিংকি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আইরিন মারা যায়। কাহারোল থানার ওসি মোজাব্বেরুল হক জানান, দুর্ঘটনার পরই বাস নিয়ে চালক পালিয়ে যান। এ ব্যাপারে থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ ছাড়া বগুড়ার আদমদীঘি থেকে মাছভর্তি একটি মিনিট্রাক সিরাজগঞ্জে যাওয়ার পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিট্রাকের চালক শহীদুল ইসলাম ও মাছ ব্যবসায়ী জামাল সরদার আহত হন।