সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল শুক্রবার বাসচাপায় রহিমা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় আরেক শিশু (১৩) নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
রহিমা খাতুনের বাবার নাম মালিকুল ইসলাম। বাড়ি উপজেলার মাটিকাটা গ্রামে। রহিমা খাতুন মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে রহিমা উপজেলার সাহাব্দিপুর এলাকায় তার নানার বাড়ি থেকে ফিরছিল। রাস্তা পারাপারের সময় রাজশাহীগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ মিনিট রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে রহিমার লাশ উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তর করে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শিয়ালকোল বাজারে বালুবোঝাই একটি ট্রাক বাইসাইকেলচালক অজ্ঞাতনামা ওই শিশুকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।