সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।নিহত শিশুরা হলো কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার মতিয়ার মিয়ার মেয়ে মোমেনা আক্তার (১০) ও একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর (৮)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শিশু মোমেনা ও মিজানুর খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে তারা আলজামি হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে শিশু মোমেনা ও মিজানুরের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষোভ করে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর সোয়া সাতটার দিকে ওই সড়কে যানচলাচল শুরু হয়। এতে ওই সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পুলিশ নিহত শিশুদের লাশ উদ্ধার করে।