সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, গোপালগঞ্জের মুকসুদপুর ও ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও একজন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: রামু: রামুতে গত বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নুরুল আলম (৩০) নামের এক যুবক ও জাহেদ হোসেন (৭) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং ঢালায় কয়লাবোঝাই ট্রাক উল্টে চালক নুরুল আলম প্রাণ হারান। তিনি কক্সবাজার সদর উপজেলার নাপিতখালী গ্রামের সোলতান আহমদের ছেলে। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয় এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস শিশু জাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। নিহত শিশু ধলিরছড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল মোল্যা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গত শুক্রবার উপজেলার রিশাতলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসটি এনামুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। শিশুটি উপজেলার তারা মোল্যার ছেলে।ফরিদপুর: গতকাল শনিবার ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুলাল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলের অপর আরোহী রাজীবকে (২০) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুলালের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নতুনচর গ্রামে।