সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। একই দিন রাজবাড়ীতে দুর্ঘটনায় এক ইজিবাইকচালক নিহত হন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সাতক্ষীরা: সদর উপজেলার জোড়দিয়া গ্রামের মারুফ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩)গতকালবেলা ১১টার দিকে খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে রাস্তা পার হয়ে একটি মুদি দোকানে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ফারুক মারা যায়। এ সময় পড়ে গিয়ে ভ্যানযাত্রী হোসেন আলী (৬০) আহত হন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ ফিরোজ রোডের বাসিন্দা তাজুল ইসলাম গতকাল তাঁর স্ত্রী তাহমিনা খাতুনও মেয়ে মিম খাতুনকে (৫) নিয়ে মোটরসাইকেলে করে আলমডাঙ্গা যাচ্ছিলেন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে আলমডাঙ্গার বন্ডবিল রেলগেটের কাছে একটি লাটাহাম্বার (শ্যালোইঞ্জিনচালিত গাড়ি) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে ঘটনাস্থলেই মিম মারা যায় এবং তাজুল ও তাহমিনা আহত হন। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী: সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গোয়ালন্দ টেক্সটাইল মিলের সামনে একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ইজিবাইকচালক মহিদুল শেখ (৩০) নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী নিজাম আহত হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।