সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৬
মাদারীপুরে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
মাদারীপুরে নিহত তিনজন হলেন সদর উপজেলার কেন্দুয়া এলাকার মলাই ফরাজীর ছেলে বায়েজিত ফরাজী (১২), দক্ষিণ কাউখরি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর (১১) ও উত্তর কাউখরি গ্রামের নসিমন চালক শিপন মাতুব্বর (৪০)। গোপালগঞ্জে মারা যান কাশিয়ানী উপজেলার খারেরহাট গ্রামের মুসা সিকদার (৪৫)। রাজাপুরে নিহত হন মেহেদী হাসান (২৫)। তিনি ঝালকাঠি সদর উপজেলার দেউরি গ্রামের মতিন হাওলাদারের ছেলে। গোয়ালন্দে প্রাণহানির শিকার হন দৌলতদিয়ার হোসেন মণ্ডলপাড়ার আহসান মণ্ডল (৫৫)।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিন শিশু যাত্রী নিহত হয়।
গোপালগঞ্জে ভোর সাড়ে পাঁচটার দিকে মুসা সিকদার কাশিয়ানী থেকে ভ্যানে করে তিনজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলা সদরে আসছিলেন। এ সময় একটি ট্রাক গোপীনাথপুর সুবেদ আলী ভূঁইয়ার ইটের ভাটার কাছে পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক মুসা সিকদার নিহত ও তিন যাত্রী আহত হন।
রাজাপুর থানা-পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে মেহেদী হাসান ও হাসান তালুকদার নামের আরেকজন রাজাপুর থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠি শহরে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বাড়ইবাড়ি এলাকায় মোটরসাইকেলটিকে বাস ধাক্কা দিলে মেহেদী মারা যান।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আহসান মণ্ডল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মারা যান।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ফরিদপুর অফিস এবং শরীয়তপুর, পিরোজপুর ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি}