সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বুধবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৫ জন। এদিকে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল ও ট্রাক্টরের ধাক্কায় দুই নারী প্রাণ হারিয়েছেন।
সরাইলে নিহত ব্যক্তিরা হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মোল্লার ছেলে তারিকুল ইসলাম (১০), নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহবুব মিয়া (১২) ও অজ্ঞাতনামা এক যুবক (২৬)। বাঞ্ছারামপুরে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দরিকান্দি গ্রামের পারভিন বেগম (৪০) ও জয়নগর গ্রামের গোলাপী বেগম (৫০)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাত থেকে আটটি পরিবার ও তাদের আত্মীয়স্বজনসহ ৫৫ জনের একটি দল বাস ভাড়া করে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যায়। মাজার জিয়ারত শেষে গত বুধবার সকালে তারা বাড়ির উদ্দেশে রওনা হয়। বাসটি সরাইলের বেড়তলা বাসস্ট্যান্ডের কাছে একটি সেতুর ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সেতুর রেলিং ভেঙে পাশের গভীর খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে অন্তত ২৫ জনকে জেলা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তারিকুলকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। প্রশাসনের সহায়তায় ক্রেন ব্যবহার করে রাত সাড়ে ১০টার দিকে বাসটি খাদ থেকে তোলা হয়। এ সময় মাহবুবের লাশ পাওয়া যায়।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাজার জিয়ারতকারীদের সঙ্গে বাসের চালক ও তাঁর দুজন সহকারীও ছিলেন। তাঁদের চিহ্নিত করা যায়নি। অজ্ঞাতনামা যে যুবক মারা গেছেন, তিনি ওই তিনজনের একজন হতে পারেন।
এদিকে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে দায়িত্ব পালনকালে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য আবদুল মজিদ (৫৫) ও ইব্রাহিম মিয়া (৫০) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে নবীনগরে যাচ্ছিল। গতকাল বেলা একটার দিকে মোটরসাইকেলটি বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের জীবনগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা পারভিন বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই পারভীনের মৃত্যু হয়।
অন্যদিকে সিমেন্টবোঝাই একটি ট্রলি ছলিমগঞ্জ বাজার থেকে মাছিমনগর যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের বাঞ্ছারামপুর-ছলিমগঞ্জ সেতুর পশ্চিম পাশে ট্রলিটি গোলাপীকে চাপা দেয়। এতে তাঁর মৃত্যু হয়।
[প্রতিবেদন তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি]