সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাটিকাটা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে গোপালগঞ্জ সদরের শহরতলির মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন গোপালগঞ্জ সদরের দুর্গাপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০) ও জিহাদ কাজীর ছেলে মো. রেজাউল কাজী (২২)। এর মধ্যে রেজাউল কাজী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং রিয়াজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ থেকে গোলাবাড়িয়াগামী মাটি বহনকারী একটি ট্রলি এবং খুলনা থেকে কুমিল্লাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই ট্রলির চালক, তাঁর সহকারী, তিন শ্রমিকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রেজাউল এবং খুলনা নেওয়ার পথে রিয়াজ মারা যান। আহত বাকি তিনজন ওই ট্রলির চালক বণিক সরকার (৩০), চালকের সহকারী সজল সরকার (২৫) ও যাত্রী মারুফকে (১৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।