সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, ভাঙচুর-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।এদিকে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন করার সময় গাড়িচাপায় একজন শ্রমিক নিহত হলে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। কালিয়াকৈরে নিহত শ্রমিকের নাম লিমা আক্তার (২২)। তিনি বরগুনার আমতলী এলাকার বাহাদুরগাছা এলাকার বাসিন্দা। লিমা পূর্ব মৌচাক এলাকার ঝালু নিটিং ওয়্যার লিমিটেড কারখানায় কাজ করতেন। সোনারগাঁয়ে নিহত শ্রমিকের নাম মোছা. সোনিয়া (২০)। তিনি ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কালিয়াকৈর থানা ও লিমার সহকর্মীদের সূত্রে জানা যায়, লিমা গতকাল দুপুরে খাবার খেয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে মৌচাক-ফুলবাড়িয়া সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিমা মারা যান। মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা তিনটার দিকে কারখানা থেকে বের হয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। বেলা সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা মৌচাক বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল সোয়া চারটার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটিসহ চালক আবদুল হাইকে (৪০) আটক করা হয়েছে। গাজীপুর শিল্পপুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, শ্রমিকেরা বেশ কয়েকটি কারখানার কাঁচ ভাঙচুর করেছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁয়ের কাঁচপুরের ঘটনায় শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান ওপেক্স অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানা ভাঙচুর করেন শ্রমিকেরা। এতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে তালা ও নোটিশ দেখে ক্ষুব্ধ হন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পারভিন, রাজিয়া, পলি, আরিফা, ফাতেমা, মর্জিনা, লিজাসহ ২০ শ্রমিক আহত হন। ক্ষুব্ধ শ্রমিকেরা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শ্রমিক সোনিয়া রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। শ্রমিকেরা বাসটি পুড়িয়ে দেন। তবে চালক পালিয়ে যান। পরে শ্রমিকেরা সোনিয়ার লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল আটটা থেকে প্রায় ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিনহা গার্মেন্টস এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।