সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্যসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, গতকাল রাতে বগুড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, তিনজনের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রীবাহী বাসের সুপারভাইজার সিদ্দিক হোসেন (৩৮)। তাঁর বাড়ি বগুড়া শহরের মালতিনগর এলাকায়। এ দুর্ঘটনায় বাসের যাত্রী সেনাসদস্য মোকছেদুর রহমান (৩০) ও সালাউদ্দিনকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। তাঁরা ঘাটাইল ও কুমিল্লা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়।