সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্যসহ নিহত ৯
কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজসংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল বৃহস্পতিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। একই দিন গাজীপুরের হালডোবা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই সেনাসদস্য নিহত হন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন মিয়া জানান, টেকনাফের হোয়াইক্যং থেকে উখিয়াগামী ও উখিয়া থেকে টেকনাফগামী দুটি চাঁদের গাড়ির (খোলা জিপ) মধ্যে সকাল সাড়ে আটটার দিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। হতাহত সবাই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। তাঁরা মিয়ানমারের মংডু ও বুচিদং এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তিরা হলেন আলী আহমদ (৪৫), আবুল বশর (৩৫), বেলাল উদ্দিন (৩৫), নেজাম উদ্দিন (৪০), আবদুস সালাম (২১), ছৈয়দুল আমিন (৩০) ও নুরুল হক (৩৭)।
এদিকে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকায় গতকাল মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই সেনাসদস্য নিহত ও একজন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন ভোলার সৈনিক সাইফুল ইসলাম (৩৫) ও সাতক্ষীরার করপোরাল জয়ন্ত দাস (৪২), আহত হয়েছেন সৈনিক মো. সাদিক (৩৪)। তাঁরা তিনজনই গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিন সৈনিক রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে একটি মোটরসাইকেলযোগে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার হালডোবা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই করপোরাল জয়ন্ত দাস নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এসে তাদের ঢাকা সমিঞ্চলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে সৈনিক সাইফুল ইসলামের মৃত্যু হয়। আহত সৈনিক মো. সাদিকে ওই হাসপাতালে আইসিওতে রাখা হয়েছে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।