সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
নাটোর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার পরীক্ষা দিতে আসার সময় নান্নু শেখ (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া গত সোমবার লালমনিরহাটের পাটগ্রামে রুমেল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার মাটিকোপা উচ্চবিদ্যালয়ের ছাত্র নান্নু সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরের বনলতা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চিড়াকোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে সে মারা যায়। নান্নু সিংড়া উপজেলার শালিখা গ্রামের হানিফ আলী শেখের ছেলে।
দুর্ঘটনার পরপরই পথচারীরা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালক মোজাম্মেল হোসেনকে আটক করে। পরে প্রশাসনের আশ্বাসে সকাল সাড়ে ১০টার দিকে লোকজন অবরোধ তুলে নেয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সাত্তার জানান, এ ঘটনায় হানিফ আলী মামলা করেছেন। পাটগ্রাম থানার পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামে গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে একটি ট্রাক্টর উল্টে যায়। এ সময় ট্রাক্টরের চালকের আসনের পাশে বসে থাকা স্কুলছাত্র রুমেল ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। রুমেল একই ইউনিয়নের গোলডাঙ্গা গ্রামের বাচ্চাউ মিয়ার ছেলে।
রুমেল উপজেলার পানবাড়ী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।