সড়ক দুর্ঘটনায় দুই স্থানে নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গত রোববার জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির একজন বিপণন কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে গতকাল সোমবার সকালে একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক রংপুরের মিঠাপুকুর উপজেলার গোড়াগাছ গ্রামের শুকুর আলী (৩৫) ও একই উপজেলার দারুল্লাপুর গ্রামের কামরুজ্জামান (৩৫) নিহত হয়েছেন। সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকেই স্ত্রীর মুঠোফোনে মা-বাবা ও মেয়ের সঙ্গে ইফতার করার ইচ্ছার কথা জানিয়েছিলেন অরবিটেক ফার্মা লিমিটেডের বিপণন কর্মকর্তা ফরহাদুল ইসলাম (২৫)। কিন্তু কর্মস্থল জয়পুরহাটের কালাই থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়ায় ফেরার পথে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের বালাইট সেতুসংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। রোববার ইফতারের কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।