সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৭০
পটুয়াখালীর দুমকি উপজেলায় বাসের চাপায় মুন্না (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার পটুয়াখালী-বরিশাল মহাসড়কে উপজেলার লেবুখালী নূতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। একই দিন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কাকুলি খাতুন (৩০) নামের এক নারী নিহত ও উভয় বাসের ৭০ জন যাত্রী আহত হয়েছেন। দুমকি থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে খুলনাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস উপজেলার লেবুখালী নূতন বাজার এলাকায় স্কুলছাত্র মুন্নাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মুন্না উপজেলার লেবুখালী গ্রামের মামুন ফকিরের ছেলে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসটি তাকে চাপা দেয়। এদিকে মুন্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে তাদের শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। তাঁদের আটক করার চেষ্টা চলছে। কালীগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে কালীগঞ্জের ঘোড়াপোতা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাকুলি খাতুন নামের এক বাসযাত্রী নিহত হন। আহত হন উভয় বাসের ৭০ জন যাত্রী।