সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে গতকাল রোববার যাত্রীবাহী বাসের চাপায় আবু সাঈদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে ময়না আক্তার নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
আবু সাঈদের বাড়ি আলমডাঙ্গার যাদবপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। ময়না আক্তার ফকিরকান্দি গ্রামের মাহেদ শেখের মেয়ে। সে এ বছর স্থানীয় আড়পাড়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আবু সাঈদ নিজের মোটরসাইকেল চালিয়ে যাদবপুর থেকে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। আলমডাঙ্গা লালব্রিজ মোড়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, সদর উপজেলার পুকুরিয়ার এলাকার একটি ভাটা থেকে ইট নিয়ে ওই ট্রাকটি শহরে যাচ্ছিল। ফকিরকান্দি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ময়নাসহ সাতজন ট্রাকের নিচে চাপা পড়ে আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।