সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের সহকারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক নারী চা-দোকানির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উরকাজি গ্রামের আবদুর রাজ্জাক মণ্ডল (৩৪) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ফরিদা বেগম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি মহাসড়কের ওপর থাকলেও চালকের সহকারী রাজ্জাক বাসটির সামনের গেটের দরজায় আটকা পড়ে মারা যান। এ ঘটনায় উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৯ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান বলেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গতকাল ভোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের চায়ের দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চা-দোকানি ফরিদা বেগম মারা যান। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।