সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (১৭) নামের এক পথচারী নিহত হয়েছে। একই দিন নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় সামসু মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
ফারুক হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সিলমপুর এলাকার সোলেমান হোসেনের ছেলে। সামসু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চালপা এলাকার বাসিন্দা।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল বলেন, বুধবার রাত সোয়া আটটার দিকে ফারুক মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। সে বাহাদুরপুর পৌঁছালে মির্জাপুরগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। লোকজন উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর মারা যান।
মাধবদী তদন্তকেন্দ্রের পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে সড়ক পারাপারের সময় একটি বাস সামসু মিয়াকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।