সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পিকআপ উল্টে সন্তোষ দাশ (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত ও দুই কৃষিশ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত সোমবার মো. মিলন (৩০) নামের এক মোটরসাইকেল-চালকের মৃত্যু হয়েছে।
সন্তোষ দাশ বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের বড়কোলা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে। আর মো. মিলন পীরগঞ্জ পৌর শহরের রাইস মিলপাড়া মহল্লার আইনুল হকের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কিছুদিন আগে সন্তোষ দাশসহ কয়েকজন শ্রমিক ধান কাটার কাজ করতে ঢাকায় যান। কাজ শেষ করে গত সোমবার রাতে পণ্যবাহী একটি পিকআপে করে তাঁরা বীরগঞ্জের উদ্দেশে রওনা দেন। গতকাল ভোর ছয়টার দিকে তাঁরা বীরগঞ্জ শহরের শালবন এলাকায় পৌঁছালে তাঁদের পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সন্তোষ মারা যান। এ ছাড়া গুরুতর আহত দুলাল রায় (২৮) ও পবিত্র রায়কে (২৫) বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয় লোকজন। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
পীরগঞ্জ পৌর শহরের মো. মিলন গত সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁর স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে তুলে সাগুনী শালবনে বেড়াতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগুনী এলাকায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মিলন বুকে আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাঁকে দিনাজপুর নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে বিরল উপজেলার ঢেরাপটিয়ায় অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।