সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার তুলারাম মজিদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার মজিদপুরের বাসিন্দা সোহেল রানা (২৩) ও ছোটঘোলা গ্রামের ফুল মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কাজী শহিদুল ইসলাম বলেন, উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে বাড়িতে ফিরছিলেন সোহেল। তুলারাম মজিদপুর এলাকায় সন্ধ্যা ছয়টার দিকে রংপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাঁদের রিকশাভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে ফুল মিয়া মারা যান। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান সোহেল রানা।
সোহেলের বাবা তালেব আলী বলেন, কয়েক দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন সোহেল রানা। এখনো যোগদান করেননি।
হাইওয়ে পুলিশ জানায়, দুজনের লাশ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হতে পারে।