সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
হাসপাতাল থেকে লাশ আনতে গিয়ে বগুড়ার কাহালু উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল সোমবার মারা গেছেন উজ্জ্বল হোসেন। একই দিন শেরপুর উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
কাহালুতে নিহত উজ্জ্বল হোসেনের (৪০) বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারি গ্রামে। শেরপুরে প্রাণহানির শিকার যাত্রীর নাম আলতাব হোসেন (৪৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ থানার নূরনগর গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে উজ্জ্বল হোসেন মোটরসাইকেলে করে কাহালুর দরগাহাট এলাকায় পৌঁছান। এ সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত উজ্জ্বলের ভায়রা রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে আমার মেয়ে রামিশা মারা যায়। রামিশার খালু লাশটি নিতে হাসপাতালে আসছিলেন।’
শেরপুর থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে শেরপুরের মদনপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের যাত্রী আলতাব হোসেন ঘটনাস্থলেই মারা যান।