সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় লালু মিয়া (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে গত শুক্রবার রাতে সুরোবালা (৩৬) নামের এক নারীশ্রমিক নিহত হয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাগঞ্জের জগদীশপুর গ্রামের কৃষক লালু মিয়া গতকাল বিকেল চারটায় বালাবাড়ি বাজার থেকে বাইসাইকেলে করে রংপুর-সৈয়দপুরমহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের বামনদিঘী এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে রংপুরগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান রানু এগ্রো লিমিটেডের (পাটকল) নারীশ্রমিক সুরোবালাগত শুক্রবার রাতে খাবারের জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চিকলী বাজার থেকে সৈয়দপুরগামী মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দেয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় ব্যক্তিরা। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।