সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। নওগাঁ শহরের বাইপাস সড়কের বটতলী মোড়ে এবং নজিপুর-নওগাঁ সড়কের সিএনবি মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবদুল লতিফ (৪০) ও পারুল বেগম (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় বটতলী মোড়ে ট্রাকচাপায় আবদুল লতিফ নিহত হন। তিনি নওগাঁ পৌরসভার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহযোগী ট্রাকটি ফেলে পালান। পরে উত্তেজিত জনতা বাইপাস সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নজিপুর পৌর এলাকার সিএনবি মোড়ে গতকাল সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস একটি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী পারুল বেগম নিহত হন। এ ঘটনায় আরও দুই নারী গুরুতর আহত হন। হতাহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। নিহত পারুল পত্নীতলা উপজেলার নৌটা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর থেকে চিকিৎসা শেষে চার্জার ভ্যানে করে পারুল বেগম তাঁর মেয়ে ও ননদকে নিয়ে উপজেলার নৌটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান। আহত জাকিয়া ও হাসিনাকে নজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।