সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
পাবনার নগরবাড়ি-বগুড়া সড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে গতকাল রোববার ট্রাকচাপায় সেলুনের এক কর্মচারী নিহত হয়েছেন। একই দিন নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা সড়কে মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়।
উল্লাপাড়ায় নিহত সেলুন কর্মচারীর নাম লাল চান (২৫)। তিনি শ্রীকোলা গ্রামের আকবর আলীর ছেলে। বড়াইগ্রামে প্রাণহানির শিকার ব্যক্তির নাম নুর আলমগীর রহমান (৪৮)। তিনি বনপাড়ার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মিটার রিডার। বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বিরুলিয়া উত্তরপাড়া গ্রামে।
পুলিশ জানায়, লালচান বাড়ি থেকে উল্লাপাড়া পৌর শহরে যাওয়ার সময় সন্ধ্যায় শ্রীকোলা মোড় পার হচ্ছিলেন। এ সময় নগরবাড়ি থেকে বগুড়াগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। অন্যদিকে বেলা ১১টার দিকে নুর আলমগীর মোটরসাইকেলে করে কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। কালিকাপুর কারিগরি কলেজের সামনে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।