সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় বাসচাপায় লিটন প্রধান (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় রেজাউল প্রামাণিক (২৮) নামের এক খনিশ্রমিক নিহত হয়েছেন।
লিটন সাদুল্যাপুরের খোদ্দকোমরপুর গ্রামের বাদশা প্রধানের ছেলে। রেজাউল পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাসিকোপা গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় ইউনিটের শ্রমিক ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পলাশবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, লিটন গতকাল সন্ধ্যায় ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে করে পলাশবাড়ীর কোমরপুর বাজারে যাচ্ছিলেন। তিনি সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড আখ ক্রয়কেন্দ্রের সামনে পৌঁছালে বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে লিটন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তিনি মারা যান। এ সময় অপর এক বাইসাইকেল আরোহী বাসের ধাক্কায় আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে পার্বতীপুরের হাবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে রেজাউল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে কাজে যোগদানের জন্য যাচ্ছিলেন। পথে উপজেলার শেরপুর দোতলা মসজিদ মোড়ে ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী একটি ট্রাক ধাক্কা দিলে রেজাউল সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।