সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও নওগাঁয় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে জয়পুরহাট প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাবা বদিউজ্জামান রয়েছেন।
বদিউজ্জামান (৭০) গতকাল সন্ধ্যার দিকে জয়পুরহাট শহরের বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানে কালাই উপজেলার একডালা গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে সদরের জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ রিকশাভ্যানের সঙ্গে শিয়ালের ধাক্কা লাগে। এতে ভ্যানটি উল্টে যায়। ভ্যান থেকে ছিটকে পড়ে বদিউজ্জামান মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকে জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
এদিকে নওগাঁর মান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কফিল উদ্দিন (৫০)। বাড়ি উপজেলার ছোটবেলালদহ গ্রামে।
কফিল উদ্দিন সাবাইহাট যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান। পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের চালক সুমনকে আটক করে পুলিশে দেন স্থানীয় ব্যক্তিরা। সুমনের বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুরের প্যারামেডিকেল এলাকায়।
রাত আটটার দিকে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, চালককে আটক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।