সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেওয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আরিফ হোসেন ওরফে রিন্টু (২১) ও খয়েবার মোল্লার স্ত্রী কুলসুম বেগম (৭২)। আরিফ পাংশার কলিমোহন কৃষি কলেজের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।
পাংশা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, বিকেল সোয়া চারটার দিকে উপজেলার ভাতশালা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পথচারী কুলসুমকে ধাক্কা দেন আরিফ। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনিও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খোকশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যা সাতটার দিকে আরিফ ও এর আধঘণ্টা পর কুলসুম মারা যান।