সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
হাতিরঝিল ও যাত্রাবাড়ীতে গত বুধবার দিবাগত রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথশিশুসহ দুজন নিহত হয়েছে। হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন আবদুল্লাহ আল মামুন। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য। যাত্রাবাড়ীতে নিহত পথশিশুর নাম বর্ষা।
আবদুল্লাহ আল মামুনের একজন স্বজন বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে আবদুল্লাহ আল মামুন মোটরসাইকেলে করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রামপুরার বাসায় ফিরছিলেন। হাতিরঝিল এলাকা দিয়ে আসার পথে কুনিপাড়ায় তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। তিনি এতে মারাত্মক আহত হন। সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে এফডিসির একটি পিকআপ যাচ্ছিল। পিকআপের আরোহীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাঁর ভাই গিয়ে তাঁকে শনাক্ত করেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
একই রাতে যাত্রাবাড়ীর চাইপাই চায়নিজ রেস্তোরাঁর সামনে সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হয় পথশিশু বর্ষা। সে শ্যাম্পু, পারফিউমের খালি বোতল কুড়াত এবং পথেই থাকত।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, ‘মেয়েটা চাইপাই রেস্টুরেন্টের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটা গাড়ি তাকে চাপা দেয়। পরে আশপাশের লোক আমাকে খবর দিলে আমি ওকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। বারবারই মনে হচ্ছিল মেয়েটা একটা কিছু বলতে চাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
সানোয়ার বলেন, মেয়েটি আরও যেসব ছেলেমেয়ের সঙ্গে পথ থেকে জিনিসপত্র কুড়াত তারা জানিয়েছে, মেয়েটির নাম বর্ষা।