সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে ও গতকাল এ দুটি দুর্ঘটনা ঘটে। দুজনের মধ্যে যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন পিকআপের চালক ইমরান হোসেন (২২)। পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে যাত্রাবাড়ীর কাজলার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে গাড়ি রেখে দাঁড়িয়েছিলেন ইমরান। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় ইমরানের গাড়ির মালিক সাদ্দাম হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এদিকে গতকাল মিরপুরে বুলডোজারের ধাক্কায় সালেহ আহমেদ (৩৫) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান। নিহত ব্যক্তির মামা শামীম আহমেদ জানান, গতকাল দুপুরে মধ্যাহ্নবিরতিতে কারখানা থেকে বাসায় খেতে গিয়েছিলেন সালেহ। খেয়ে আবার কারখানায় ফেরার পথে মিরপুর ৭ নম্বর সেকশনের গার্মেন্টসের সামনে রাস্তা খোঁড়াখুঁড়িতে ব্যবহৃত বুলডোজারের ধাক্কায় সালেহ আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে মিরপুরের ডেলটা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হলে সন্ধ্যার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিজস্ব প্রতিবেদক