সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রাজধানীতে দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।বিমানবন্দর সড়কে বাসের চাপায় নিহত হয়েছেন অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫)। এ ছাড়া টয়েনবি সার্কুলার রোডে (বঙ্গভবনের দক্ষিণ পাশে) বাসচাপায় নিহত হয়েছে জাংসা (১৭) নামের এক কিশোর।খিলক্ষেত থানার পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কে (লোটাস কামাল টাওয়ারের সামনে) রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।সূত্রাপুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বঙ্গভবনের দক্ষিণ পাশের রাস্তায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয় জাংসা। নিহত কিশোর যাত্রাবাড়ীর একটি ওয়ার্কশপে কাজ করত। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক ও সহকারী পলাতক।