সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজির মোড়ে গত বৃহস্পতিবার রাতে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। একই দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।শিবগঞ্জ থানার ওসি মির্জা আবদুস সালাম জানান, রাত নয়টার দিকে হাজির মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর আলম। এ সময় আহত হন শিবগঞ্জের চককীর্তি গ্রামের পবন আলীর স্ত্রী সাগরি বেগম ও সদর উপজেলার মহারাজপুরের শাহ আলম। নিহত জাহাঙ্গীর আলম (১৮) সদর উপজেলার উপর ধুমিহায়াতপুর গ্রামের এনামুল হকের ছেলে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানযাত্রী সারওয়ার হোসেন (২৫) গুরুতর আহত হন। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দুইটার দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তি উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামের বাসিন্দা।