সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় তপন (২৫) নামের এক বেবিট্যাক্সিচালক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। একই দিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে সায়েদ মোড়ল (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

তপন বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চরধলেশ্বরী গ্রামের শফিউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর উপজেলার ধামগড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গতকাল দুপুরে মদনপুর থেকে বন্দরগামী একটি বালুবোঝাই ট্রাক ফুলহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ওই বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়।
এতে এটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এর চালক তপন নিহত হন। এ ছাড়া বেবিট্যাক্সির যাত্রী নুরুল ইসলাম (৩৮), সুমন (৩২), আতাউর রহমান (৪০), রুবেল (৩৮) ও তাঁর স্ত্রী শাহিনা ইসলাম (৩০) এবং গিয়াস উদ্দিন (৪৫) আহত হন।
তাঁদের মধ্যে রুবেল ও তাঁর স্ত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় দুটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার কালীবাড়ি থেকে ঢাকাগামী এসএস পরিবহনের একটি বাস সোনারংয়ের ব্র্যাক ব্যাংকের সামনে পথচারী সায়েদ মোড়লকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সায়েদ মারা যান। তাঁর বাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যান। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।