সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
মামার সঙ্গে দোকানে চকলেট কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পুতুলের (৪)। ট্রাকের চাপায় মারা গেছে সে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের সাতক্ষীরা সদর হাসপাতালসংলগ্ন আনোয়ারা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুতুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া আগড়দাঁড়ি গ্রামের কৃষিশ্রমিক মিজানুর রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মা পাপিয়া আক্তারের সঙ্গে পুতুল আনোয়ারা ক্লিনিকে চিকিৎসাধীন তার নানাকে দেখতে যায়। ক্লিনিক থেকে মামা সুমন হোসেন চকলেট কেনার জন্য পুতুলকে নিয়ে ক্লিনিকের কাছের দোকানে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়ক পার হওয়ার সময় মামার হাত থেকে ছুটে পুতুল এগিয়ে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর-বরইতলা সড়কের ধোপাভিটায় গতকাল বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতনামা একজন নারী নিহত (৪০) ও ২১ জন আহত হয়েছেন। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মুকসুদপুর হাসপাতালে অজ্ঞাতনামা ওই নারী বিকেল সাড়ে চারটার দিকে মারা যান।