সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
যশোর সদর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ২০ জন। গতকাল বুধবার যশোর শহরে ঢোকার পথে উপশহর ট্রাকস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়লে হাফিজুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। এতে বাসের ১০ যাত্রী আহত হয়। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে পুলিশ লাইনে রাখা হয়েছে।গত মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখপুর সেতুর কাছে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মো. মুসা (১৩) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়। এতে ১০ যাত্রী আহত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে মুসা স্থানীয় ইউসুফেরবাগ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নছিমনটি আলফাডাঙ্গা যাচ্ছিল। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জয়দেব কুমার সরকার জানান, আহত তিনজনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত রনিকে (১৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।