সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
কুষ্টিয়ার খোকসায় নছিমনের চাপায় সলেমান খান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই দিন পটুয়াখালীর বাউফল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জয়নব বিবি (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। খোকসা থানা সূত্রে জানা গেছে, রাধানগর গ্রামের স্বপন খানের ছেলে সলেমান খান সকালে এলাকার একটি দোকান থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি নছিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাউফল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য সকাল পৌনে আটটার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) পরিদর্শক মো. শহিদুল হক রওনা হন। সকাল আটটার দিকে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া জৈনপুরী পীরের খানকা এলাকায় পৌঁছে জয়নব বিবিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় জয়নব বিবি, মোটরসাইকেলের চালক জাহিদ ও আরোহী শহিদুল হক আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জয়নব বিবিকে মৃত ঘোষণা করেন। জয়নব জৈনপুরী পীরের খানকা এলাকার আবদুস সোবাহান খানের স্ত্রী।