সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গতকাল বুধবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সহকারী একান্ত সচিব (এপিএস) ও তাঁর স্ত্রীসহ মোট ১২ জন।নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুচরা এলাকার ফিউফিল হাজংয়ের স্ত্রী ক্যাথরিন (৫৭) ও টাঙ্গাইল সদর উপজেলার মাদারকান্দি গ্রামের ফেদু ব্যাপারীর ছেলে জালাল উদ্দিন (৫০)। ক্যাথরিন কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমার মা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আত্মীয়।প্রত্যক্ষদর্শী ও মহাসড়ক পুলিশ জানায়, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে গতকাল ভোরে তাঁর এপিএস টাইগার জাম্বেল (৫৫) ও আত্মীয়স্বজন ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে নেত্রকোনার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারের দক্ষিণ পাশের সড়কে মাইক্রোবাসটির সঙ্গে এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টার দিকে ক্যাথরিনের মৃত্যু হয়। পরে এপিএস টাইগার জাম্বেল, তাঁর স্ত্রী রেখা (৪৫), চালক খালেকুজ্জামানসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন হতাহতদের দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।মাওনা মহাসড়ক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার তেঁতুইবাড়ি এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে একটি বাস উল্টে চালকের সহকারী জালাল উদ্দিন (৫০) নিহত হন।এর আগে সকাল সাতটার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় কাপাসিয়াগামী সম্রাট পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী শাহজাহান, তাঁর স্ত্রী সামছুন্নাহার, ছেলে শাওন, হাফিজ উদ্দিন, গাড়িচালক রিপন গুরুতর আহত হয়। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।