সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
নারায়ণগঞ্জ সদর ও গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ এম সার্কাস এলাকার জহিরুল ইসলামের ছেলে ও স্থানীয় নিট কনসার্ন লিমিটেড কারখানার আয়রন বিভাগের শ্রমিক আজিজুল হক (২৫) এবং কাপাসিয়ার আমরাইদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী ফজলুল হকের ছেলে মো. রোমান প্রধান (২৪)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুর দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিকশার যাত্রী আজিজুল হক। আহত হন আরেক যাত্রী মঞ্জু মিয়া ও রিকশাচালক নাজির হোসেন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে লোকজনের সহায়তায় পুলিশ কাভার্ড ভ্যান জব্দ করে এর চালক সাইফুল ইসলামকে আটক করে।কাপাসিয়া থানার এসআই এ বি সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে কাপাসিয়ার আমরাইদ বাজার এলাকায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে সামনে থেকে আসা রাজদূত পরিবহনের একটি বাস রোমানের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রোমানের মৃত্যু হয়। আহত হয় স্থানীয় মোখলেসুর রহমানের ছেলে সুমন (১৪)। এলাকাবাসী এসে বাসটি আটক করে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। তবে চালক পালিয়ে যান।