সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকা এলাকায় বাসের চাপায় তরুণ এবং বগুড়ার শেরপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় পথচারী নিহত হয়েছেন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহমেদ জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পিন্টু মিয়া (১৮) ও মজনু মিয়া (২০) ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইগাতি বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে সলঙ্গা থানার হাটিকুমরুলে আসছিলেন। তাঁরা পথে সাহেবগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপরে পড়ে যান। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিন্টু মিয়া প্রাণ হারান। তিনি সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মজনু মিয়া আহত হন।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, বাবলু মিয়া (৫২) নামের এক ব্যক্তি গত বুধবার রাত আটটার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার কৃষ্ণপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর শহরমুখী সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি উপজেলার ধর্মকাম গ্রামের বাসিন্দা ছিলেন।